পূর্বধলায় তাঁতী দল নেতা চেয়ারম্যান প্রার্থীর ফাঁকা গুলি, অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান

নেত্রকোণার পূর্বধলায়  বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গসংগঠন জেলা তাঁতী দলের সহ-সম্পাদক ও খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজী সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। পরে অভিযুক্ত সিদ্দিককে আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছেন আবু বকর সিদ্দিক। সম্প্রতি খলাপাড়া শেখবাড়ী জামে মসজিদে মাইক কেনার জন্য তিনি ৪ হাজার টাকা অনুদান দেন। পরে একই কাজে আরেক চেয়ারম্যান প্রার্থী মাসুদ ৫ হাজার টাকা অনুদান দেন। এ নিয়ে সিদ্দিক মসজিদ কমিটির লোকজনের কাছে ভোটের বিষয়ে জানতে চান। একপর্যায়ে তার দেওয়া টাকা ফেরত চাইলে মসজিদ কমিটি তা ফেরত দেয়।

স্থানীয়দের দাবি, এরপর সিদ্দিক তার লাগানো ব্যানারে কেউ হাত না দেওয়ার জন্য হুমকি দেন। পরে ইচুলিয়া বাজারের মাঝখানে গিয়ে পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন তিনি। এতে বাজারে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করে। পরে অভিযুক্ত সিদ্দিককে আটক করতে অভিযান চালানো হয়। তার ছোট ভাই অনলাইন ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর আল আমিনের পূর্বধলা বাজারের স্টেশন রোডের বাসাতেও তল্লাশি চালায় পুলিশ।

স্থানীয় কয়েকজনের দাবি, আবু বকর সিদ্দিক জেলা তাঁতী দলের সঙ্গে যুক্ত এবং এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিক মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা তাঁতী দলের সভাপতি সাইফুদ্দীন আহমেদ লেলিন সিদ্দিকের দলীয় পদে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্ত করে এই ধরনের ঘটনা যদি সে ঘটিয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় সংগঠনকে অবহিত করে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, “ঘটনায় যার নাম এসেছে, আবু বকর সিদ্দিকের নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই। অস্ত্র উদ্ধার ও তাকে আটকের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই তাকে আটক করা সম্ভব হবে।”‘