সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাবা-মা ও পাঁচ সন্তানসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও নিহত হয়েছেন। সংঘর্ষে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আকস্মিকভাবে একটি গাড়ি দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে। তবে দুর্ঘটনায় থাকা সব ব্যক্তিই মারা যান।

আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলকে সংযুক্ত করেছে।

সূত্র: সৌদি গেজেট