পাওনা টাকা চাওয়ায় বাউফলে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার হয়েছে। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)। 

আহত জহিরুলের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে একই ওয়ার্ডের বাসিন্দা রাসেল মৃধার জমিতে ছয়শ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষে পাওনা টাকা চাইলে রাসেল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় জহিরুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুলকে ও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাসেল মৃধার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।