কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন আব্দুস সামাদ প্লাজার ছাদে রড উঠানোর সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারে লেগে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে পাঁচতলা ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার বাসিন্দা সাব্বির (২৫)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। ওই দুই শ্রমিক নিচ থেকে মাথায় করে রড ওপরে তোলার সময় এসির বক্সে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনের শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।