মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ ওষুধ জব্দ

মিয়ানমারে পাচারকালে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময তিনজনকে আটক করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানান কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। এর আগে রোববার রাত ৯টার দিকে বান্দরবানের নাইক্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা।

আটকরা হলেন, কক্সবাজারের টেকনাফের পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে হারুন মিয়া (২৬), বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়ার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার (২০)।

বিজিবি জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা ট্রাকটি থামায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত ৩ জনকে আটক করে। জব্দ করা ঔষধসামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

ধারণা করা হচ্ছে, ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত ওষুধসহ অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।