দেশের আলোচিত অপ্রতিম হত্যাকাণ্ডের রেশ না কাটতেই কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় তার মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই যুবকের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত হয়েছেন রাবেয়া বেগম। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবক ইমনকে (২৪) আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর আট মাস বয়সী ভাতিজিকেও আঘাত করা হয়। এ সময় বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা রাবেয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সঙ্গে ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।