রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ আলী আফজালের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর চিঠি দিয়ে আলী আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, আলী আফজাল ঋণখেলাপি হওয়ায় ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ২৩(১)(খ) ধারা অনুযায়ী তাঁর রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

এরপর সিদ্ধান্ত স্থগিত চেয়ে ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেন আলী আফজাল।

রিটের শুনানিতে আলী আফজালের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

শিশির মনির জানান, ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত থাকবে।