দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে রোমান্টিক ধারার সিনেমার পরিচিত মুখ হলেও জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দান্না সম্পূর্ণ নতুন এক রূপে হাজির হতে চলেছেন তার আসন্ন সিনেমা ‘মাইসা’-তে। রোববার সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম টিজার, যেখানে তার মারকাটারি ও অ্যাকশননির্ভর রূপ দেখে মুগ্ধ হয়েছেন দর্শক ও সমালোচকরা।
নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত এই সিনেমায় রাশমিকাকে একেবারে ভিন্ন এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে দেখা যাবে, যিনি জীবনের কঠিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজের পথ নিজেই তৈরি করেন।
টিজারের শুরুতেই রাশমিকার চরিত্রটিকে ক্লান্ত ও ভেঙে পড়তে দেখা গেলেও মুহূর্তের মধ্যেই সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে দেখা যায়। এরপরই টিজারে শুরু হয় তার অ্যাকশন তাণ্ডব। হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়া, হাত-পা কেটে ফেলা, লাথিতে ঘাড় ভেঙে দেওয়ার মতো রোমহর্ষক দৃশ্যের পাশাপাশি পানির নিচে একাধিক প্রতিপক্ষের সঙ্গে তার সাবলীল লড়াই নজর কেড়েছে।
এছাড়া মোটরসাইকেল চালানোর দৃশ্যও রয়েছে টিজারে। গ্ল্যামারনির্ভর বাণিজ্যিক ধারার নায়িকার ইমেজ ঝেড়ে ফেলে মাটির কাছাকাছি, শক্তিশালী ও নির্ভীক এক নারীর চরিত্রে তাঁর এই রূপান্তর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউটিউবের হিন্দি টিজারের কমেন্ট বক্সে দর্শকরা মন্তব্য করেছেন যে, নারীকেন্দ্রিক সিনেমা ঠিক এ রকমই হওয়া উচিত এবং এবার কোনো অভিনেত্রীকে কেবল গ্ল্যামারের জন্য নয়, বরং তাঁর অভিনয়দক্ষতার জন্য কাস্ট করা হয়েছে।
এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে রাশমিকাকে শারীরিক ও মানসিকভাবে বেশ কঠোর পরিশ্রম করতে হয়েছে। এমনকি শুটিংয়ের একটি কঠিন অ্যাকশন দৃশ্যের কাজ করার সময় তাঁর টেনডন বা পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখা টিস্যু ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর ও যন্ত্রণাদায়ক চোটও পেয়েছিলেন তিনি। তার সেই পরিশ্রম ও নিবেদনই এখন টিজারের প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে।
‘মাইসা’ সিনেমাটি আগামী ২৭ নভেম্বর তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম—এই পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে রাশমিকা ছাড়াও আরও অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং। উল্লেখ্য, এর আগে গত ১৯ জুন মুক্তিপ্রাপ্ত হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামা সিনেমা ‘কটকট ২’-এ শহীদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল রাশমিকাকে।