চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার ( ২১ সেপ্টেম্বর) বিকেলে চক্রশালা স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবহন কর্মকর্তা জানান, বিকেল ৪টার দিকে ঢাকাগামী ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ওই রেলপথটি সিঙ্গেল ট্র্যাক হওয়ায় বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, লাইনচ্যুত হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের কিছুক্ষণ পরই বগিটি লাইনচ্যুত হয়। বিকেল সাড়ে ৩টার দিকে সংঘর্ষের পর ট্রেনটি কিছুক্ষণ থেমে ছিল।
প্রত্যক্ষদর্শী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সারওয়ার কামাল জানান, ট্রেনটি পিকআপ ভ্যানটিকে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায়। পরে রেললাইন থেকে ভ্যানটি সরিয়ে নেওয়ার পর বিকেল ৪টার দিকে ট্রেনটি আবার চলতে শুরু করে। এর কিছুক্ষণ পরই একটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পটিয়া রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা জানান, যে লেভেল ক্রসিংয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়েছিল, সেটি অননুমোদিত। সেখানে কোনো গেটম্যানও ছিলেন না।
ট্রেনের যাত্রী কাওসার আহমেদ বলেন, পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর প্রায় ৩০ মিনিট ট্রেনে আটকে থাকতে হয়। পরে বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছেন তারা। ট্রেন কখন আবার চলবে, সে বিষয়ে যাত্রীদের কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানান তিনি।
রেলওয়ের কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরপরই উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রামের পাহাড়তলী থেকে একটি হাইড্রোলিক টুল ভ্যানও পাঠানো হয়েছে।
কক্সবাজার এক্সপ্রেসটি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রায় ১ হাজার ২০০ যাত্রী নিয়ে ট্রেনটির রাত ৯টা ১০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।