শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের এক দিন পর মাছের প্রজেক্ট থেকে কালু মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বন্ধু বাদশা মিয়াকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া এলাকায় আবুল কাশেমের মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কালু মিয়া ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে কালু মিয়া ও তার বন্ধু বাদশা মিয়া বাড়ি থেকে বের হন। পরে বাদশা বাড়িতে ফিরলেও কালু মিয়া আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
রোববার সকালে স্থানীয় লোকজন মাছের প্রজেক্টে কালু মিয়ার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কালুর বন্ধু বাদশা মিয়াকে আটক করা হয়।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, সকালে মাছের প্রজেক্ট থেকে কালু মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।