গতকাল শুরু হলো ফুটবল ইতিহাসের দীর্ঘতম ফিফা আন্তর্জাতিক উইন্ডো, যা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই জাতীয় দলগুলো মাঠে ফিরছে। নতুন ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর ও অক্টোবরের দুটি আন্তর্জাতিক বিরতি একীভূত হয়ে ১৬ দিনের একটি উইন্ডো তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বিরতির সংখ্যা চার থেকে তিনে নামবে এবং ক্লাব ফুটবলের স্থবিরতাও কমবে।
নতুন কাঠামোটি ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হয়ে অন্তত ২০৩০ সাল পর্যন্ত চলার কথা। এই উইন্ডোতে জাতীয় দলগুলো সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। পরবর্তী আন্তর্জাতিক বিরতি হবে ৯ থেকে ১৭ নভেম্বর এবং এরপর ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ। ক্লাব মৌসুম শেষে জুন-জুলাইয়ে আরও দুটি আন্তর্জাতিক উইন্ডো রাখা হয়েছে।
এবারের দীর্ঘ উইন্ডোর সবচেয়ে আলোচিত মুহূর্ত হতে যাচ্ছে লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায়। ৫ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এর আগে আর্জেন্টিনা বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষেও মাঠে নামবে। ব্রাজিল চার ম্যাচের উইন্ডোতে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে। যুক্তরাষ্ট্রের সূচিতে রয়েছে পেরু, চিলি, কানাডা ও মেক্সিকোর বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ।
ইউরোপে উয়েফা নেশনস লিগ ঘিরে থাকছে একাধিক হাই-প্রোফাইল লড়াই। ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইউরো ২০২৪ ফাইনালের পুনরাবৃত্তিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইংল্যান্ডের বাকি ম্যাচ চেকিয়া, ক্রোয়েশিয়া ও আবার চেকিয়ার বিপক্ষে। স্পেন খেলবে ক্রোয়েশিয়া, চেকিয়া ও আবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ২৪ সেপ্টেম্বর ওয়েলস, ২৭ সেপ্টেম্বর নরওয়ে, ১ অক্টোবর ডেনমার্ক ও ৪ অক্টোবর আবার নরওয়ের মুখোমুখি হবে। জার্মানি খেলবে নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে। অন্যদিকে ফ্রান্সের সূচিতে রয়েছে তুরস্ক, বেলজিয়ামের বিপক্ষে দুটি ম্যাচ এবং ইতালির বিপক্ষে একটি ম্যাচ।