নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে যারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য হবেন না, তাদের জন্য চালু করা হবে ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’।
কারা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন
নতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। এজন্য নিউজিল্যান্ডে পূর্ণকালীনভাবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের পুরো মেয়াদ পড়াশোনা করতে হবে।
কোর্সে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া ক্রেডিট বা আগের পড়াশোনার ভিত্তিতে পাওয়া ক্রেডিট এই যোগ্যতার ক্ষেত্রে বিবেচনা করা হবে না। একইভাবে রিকগনিশন অব প্রায়োর লার্নিংয়ের মাধ্যমে পাওয়া ক্রেডিটও গণনায় আসবে না।
আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় অথবা বিদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হতে পারে। এ ক্ষেত্রে স্নাতক ডিগ্রি কখন সম্পন্ন করা হয়েছে, তার কোনো সময়সীমা রাখা হয়নি।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রির জন্য ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট (আইকিউএ) করার প্রয়োজন হবে না। তবে ভিসার আবেদন করার সময় স্নাতক ডিগ্রির সনদ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
ছয় মাসের নতুন গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা
যেসব গ্র্যাজুয়েট পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা পূরণ করতে পারবেন না, তাদের জন্য চালু করা হবে ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’। এই ভিসার মাধ্যমে সর্বোচ্চ ছয় মাস নিউজিল্যান্ডে খোলামেলা কাজের অধিকার পাওয়া যাবে।
লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো যোগ্যতাসম্পন্ন কোর্স নিউজিল্যান্ডে কমপক্ষে ২৪ সপ্তাহ পূর্ণকালীনভাবে পড়াশোনা করে শেষ করলে এই ভিসার জন্য আবেদন করা যাবে।
তবে আবেদনকারীর নিজের জীবনযাপনের খরচ বহনের জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে।
এই ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না এবং একজন ব্যক্তি এটি একবারের বেশি পাবেন না।
এ ভিসায় থাকা ব্যক্তি নিজস্ব ব্যবসার মালিক হতে পারবেন না। পাশাপাশি এই ভিসার মাধ্যমে তাঁর সঙ্গীর জন্য ওয়ার্ক ভিসা কিংবা সন্তানের জন্য ডিপেনডেন্ট চাইল্ড স্টুডেন্ট ভিসার আবেদন করা যাবে না।
আবেদন শুরু ১৬ নভেম্বর
নতুন নিয়ম অনুযায়ী পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আবেদন শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ থেকে। নিউজিল্যান্ডের ইনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে এসব ভিসার আবেদন করা যাবে।
তথ্যসূত্র: ইকোনমিক টাইমস