নেপাল ফুটবলে নতুন সংকট, গ্রেপ্তার দুই কর্মকর্তা

ম্যাচ-ফিক্সিং, আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্তে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে (এএনএফএ) নতুন সংকট তৈরি হয়েছে। দেশটির সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর (সিআইবি) অভিযানে এএনএফএর কোষাধ্যক্ষ রবীন্দ্র জোশি ও হিসাব কর্মকর্তা সঞ্জীব পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর সাতদোবাতোতে এএনএফএর সদর দপ্তরে অভিযান চালিয়ে বিভিন্ন নথি ও ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেন তদন্তকারীরা। পরে অধিকতর তদন্তের স্বার্থে ললিতপুর জেলা আদালত দুই কর্মকর্তাকে পুলিশি হেফাজতে রাখার অনুমতি দেয়। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। 

বাহরাইনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ, কিট কেনাকাটা এবং ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির বিষয়ও তদন্তের আওতায় রয়েছে। 'হোম অ্যান্ড অ্যাওয়ে' পদ্ধতিতে একটি ম্যাচ নেপালে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাহরাইনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নেপাল তখন জানিয়েছিল, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

তবে এর পেছনে কোনো আর্থিক অনিয়ম ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বাহরাইনের বিপক্ষে ম্যাচ দুটিতে নেপাল ৫-০ ও ৩-০ গোলে হারে। তবে তদন্ত চললেও ম্যাচ দুটিকে পাতানো ম্যাচ হিসেবে চিহ্নিত করার কোনো সিদ্ধান্ত হয়নি। এ দিকে কেলমে ও কেটিএম সিটির কাছ থেকে কিট ও সরঞ্জাম কেনাকাটার প্রক্রিয়াও তদন্ত করছে সিআইবি।