বক্তব্য ভাইরাল

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ সমর্থকদের ইউপি চেয়ারম্যান

ফরিদপুরের সালথায় স্থানীয় একটি মিটিংয়ে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।

সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি মিটিংয়ের ভিডিও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।সেখানে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’।

তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা। তার দাবি, তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। বর্তমানে এলাকাকে শান্ত রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘আমি এ বিষয়ে অবগত নই। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি-না, তা খতিয়ে দেখা হবে।’