গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, দেশের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। এ জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার অত্যন্ত জরুরি। খেলাধুলার মাধ্যমেই কেবল একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা সম্ভব।
ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকাবাইচ দেখার স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, সময়ের পরিবর্তনে সেই নির্মল আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। তবে ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও হারিয়ে যাওয়া আনন্দ আবারও ফিরে আসবে। রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে দেশকে স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।
নরসিংদীর শিবপুরের এই বর্ণাঢ্য নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী এমন ঐতিহ্যবাহী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর জোর দেন।