ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভের কর্মসূচির ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামাবাদে সম্ভাব্য সহিংস পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সংবাদমাধ্যম ডনের মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকেই হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সরকারের নির্দেশনার পর হাসপাতালগুলোও প্রস্তুতি শুরু করেছে। এতে নিয়মিত চিকিৎসাসেবায় কিছুটা প্রভাব পড়ছে বলে জানা গেছে। কয়েকটি হাসপাতালে রোগীদের জানানো হয়েছে, জরুরি পরিস্থিতির কারণে নির্ধারিত কিছু অস্ত্রোপচার কয়েক দিন পিছিয়ে দেওয়া বা স্থগিত করা হতে পারে।

হাসপাতালগুলোকে এভাবে প্রস্তুত রাখার নির্দেশকে কেন্দ্র করে পিটিআইয়ের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলটির নেতাদের আশঙ্কা, বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে।

তবে ধরপাকড়ের মধ্যেও ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে পিটিআই। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে ইমরান খানকে মুক্তি দিতে হবে।

পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেইল আফ্রিদি জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর বিক্ষোভের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে। তার অভিযোগ, কর্মসূচির আগেই জাতীয় ও প্রাদেশিক পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। অনেক নেতা-কর্মীকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। এর আগে ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি।