পাটওয়ারীর বক্তব্য বিকৃত করে রাজনৈতিক ফায়দা লুটের চেষ্টা করছে বিএনপি: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিএনপি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দলটি। এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপি বলেছে, তাদের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল দেশে ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ ঘটিয়ে টেকসই শান্তি ফিরিয়ে আনার রূপরেখা তুলে ধরা।

দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম (এমপি) ও সদস্যসচিব আখতার হোসেন (এমপি) এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে বিএনপি ও তাদের অনুসারীরা বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিবৃতিতে পাটোয়ারীর প্রকৃত বক্তব্য স্পষ্ট করে নেতৃবৃন্দ বলেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার; গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’ এনসিপি স্পষ্ট করেছে যে, তাদের নেতার এই বক্তব্যের মূল বার্তা ছিল আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং দেশে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধারাবাহিক নাশকতা নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের সেই প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপানোর চেষ্টা চলছে।

এনসিপির পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয় যে, জুলাই গণহত্যার যথাযথ বিচার, কাঠামোগত সংস্কার এবং গণভোটের গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি রাজপথে অব্যাহত থাকবে।