শাহজালাল (র.) মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

সিলেটের পবিত্র হজরত শাহজালাল (র.) মাজারের আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনা উন্নত করতে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে মাজারের দানের টাকা প্রতিদিন গণনা করা হবে এবং এর সঠিক ব্যবস্থাপনার জন্য ৭ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে মাজার ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। মিটিংয়ের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

সিদ্ধান্ত অনুযায়ী, মাজারের দানবাক্স বা ডেক থেকে প্রাপ্ত টাকার সঠিক হিসাব ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ নিয়ম চালু করা হয়েছে। প্রতিদিন গণনায় প্রাপ্ত মোট টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে (সোনালী ব্যাংক) জমা রাখা হবে। এই হিসাবটি জেলা প্রশাসক ও মাজারের মোতাওয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। 

বাকি ৬৫ শতাংশ টাকা দিয়ে মাজারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা হবে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা ব্যয়, নিরাপত্তা কর্মী ও ৩০ জন আনসার সদস্যের বেতন-ভাতা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন। সম্প্রতি মাজারের ডেগ থেকে গণনা করে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়ার পর আর্থিক ব্যবস্থাপনায় এই কড়াকড়ি আনা হলো।

মাজারের সার্বিক পরিচালনা ও নিরাপত্তার জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক এবং সদস্যসচিব হিসেবে থাকবেন মাজারের মোতাওয়াল্লি। এছাড়া সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট জেলা পরিষদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের একজন করে প্রতিনিধি এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।

মাজারের হিসাব ও দাপ্তরিক কাজ স্বচ্ছ রাখতে খুব শীঘ্রই একজন ম্যানেজার (অবসরপ্রাপ্ত সিভিল সার্ভেন্ট বা আর্মি পার্সন), একজন হিসাবরক্ষক এবং একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।

সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ছাড়াও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।