কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে সামনে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেড় বছর পুরোনো একটি মাদকবিরোধী অভিযান। নির্মম এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার অন্যতম আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ অতীতের সেই ঘটনায় ক্যাম্পাসে গাঁজাসহ আটক হয়েছিল কি না—এমন গুঞ্জন ও দাবির পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তখনকার সেই অভিযানের প্রতিশোধ বা পূর্বশত্রুতার জেরেই ছেলেকে টার্গেট করা হয়েছে কি না, সেই আশঙ্কার কথাও তুলে ধরেছেন নিহত অপ্রতিমের পরিবার।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে। তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে ছিলেন ড. নাহিদা বেগম। সে রাতে ক্যাম্পাসের লালন চত্বর থেকে গাঁজাসহ সাত কিশোরকে আটক করা হয়েছিল। ওই অভিযানে সহকারী প্রক্টর মাহমুদুল হাসান রাহাত ও মুতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন এবং প্রশাসনের উপস্থিতিতে জব্দ করা মাদক ধ্বংস করা হয়। তখন আটককৃতদের বয়স ১৮ বছরের কম বিবেচনায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়লে দাবি ওঠে, আটককৃতদের একজন ছিল অপ্রতিম হত্যাকাণ্ডের আসামি ফাহাদ। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ছবি দেখে ফাহাদকে ওই অভিযানে আটক কিশোরদের একজন বলে শনাক্ত করেছিলেন।
তবে ফাহাদের পরিবার শুরু থেকেই ওই মাদককাণ্ডে তার সংশ্লিষ্টতার দাবি অস্বীকার করে আসছে। ফাহাদের মা জুলি আক্তারের দাবি, তার ছেলে সেদিনের ঘটনায় উপস্থিত ছিল না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির ব্যক্তি সে নিজে নয় বলে একটি ভিডিও বার্তায় দাবি করেছে ফাহাদ নিজেও। পরবর্তীতে তৎকালীন সহকারী প্রক্টরও বিষয়টি স্পষ্ট করে জানান, পুরোনো ছবির ছেলেটি আসলে ফাহাদ নয়, তার নাম মাহিম। ফলে অতীতে আটক হওয়ার বিষয়টি বিভ্রান্তিকর হলেও, মাদকবিরোধী কঠোর অবস্থানের জেরে সৃষ্ট কোনো আক্রোশ থেকে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, সেই আলোচনা এখনও ঘুরপাক খাচ্ছে।
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ফাহাদ কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর এলাকার মেম্বার বাড়ির অটোরিকশাচালক মোমিন হোসেন ও জুলি আক্তারের ছেলে। সে ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি মাসের ২ তারিখে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের ইলেকট্রিক দোকানেও কাজে যোগ দিয়েছিল এই ফাহাদ।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং ফাহাদসহ তিনজন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। সেখানে ড. নাহিদা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, তার সন্তানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে নানা অপপ্রচার চালানো হচ্ছে। নিষ্পাপ শিশুকে অপরাধী বানানোর অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের কঠোর বিচার নিশ্চিত না হলে তারা ভবিষ্যতে আরও শিশুদের প্রাণ কেড়ে নিতে পারে।
ড. নাহিদা আরও বলেন, ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে ক্যাম্পাসে বহু মাদকসেবী ও মাদক কারবারিকে ধরে তিনি আইনের হাতে তুলে দিয়েছিলেন। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে তার সন্তানকে বলি হতে হয়েছে কি না, সে প্রশ্ন তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, কোনো ত্রুটি থাকলে প্রশাসন যেন তাকে শাস্তি দেয়, কিন্তু মাদক কারবারিদের আক্রোশে তার নির্দোষ সন্তানকে হত্যার পর তাকে ওদের দলের বানানোর যে চেষ্টা চলছে, তা সম্পূর্ণ মিথ্যা।
পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু, সরকারি আইন কর্মকর্তা (জিপি) তারেক আবদুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার এবং সাবেক সভাপতি শরীফুল ইসলাম।
(সংশোধনী নোট: এর আগে দেড় বছর আগের মাদকবিরোধী অভিযানে অপ্রতিম হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ আটক হয়েছিল বলে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছিল। তৎকালীন সহকারী প্রক্টর ও অপ্রতিমের বাবার বক্তব্যের ভিত্তিতে ওই তথ্য প্রকাশিত হয়। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফাহাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ছবির ছেলেটি ফাহাদ নয়, তার নাম মাহিম। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।)