লক্ষ্মীপুরের রায়পুরে চারদিন ধরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় তাদের অভিভাবক প্রবাসী এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেনসহ স্বজনরা নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ আরাফাত সায়েম (১৪) উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহীনী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। এদিকে নিখোঁজ মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহীনী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
জানা যায়, নিখোঁজ দুই ছাত্রের অভিভাবক ও তাদের স্বজনরা তাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই
সহযোগিতা চেয়েছেন।
এতে তারা লেখেন, রোববার সকাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ও সায়েম স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শিশু সায়েমের পিতা জাকির হোসেন ও মিনহাজের পিতা এমরান হোসেন বলেন, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ী থেকে বের হয়েছে। এরপর সারাদিন আর বাড়িতে ফেরেনি। আমরা সব আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি। পরে সোমবার রাতে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তাদের সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভুইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। পুলিশ তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে।