পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদে ১২ বছরের এক শিশু ও তার মাকে বাঁশের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগে গত শুক্রবার রাতে চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে মারধরের পর ভয়ে ওই শিশু ও তার মা এই চারদিন ঘর থেকে বের হননি।
ভুক্তভোগী শিশুটির নাম জিসান (১২)। সে গামুরবুনিয়া গ্রামের মৃত বাচ্চু হাওলাদারের ছেলে। তার মা নাজমা বেগমের অভিযোগ, মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে তাকেও মারধর করা হয়েছে।
নাজমা বলেন, প্রায় দেড় বছর আগে তার স্বামী বাচ্চু মারা যান। এর আগে জমি বন্ধক রাখার বিনিময়ে হাফিজুর রহমান চুন্নুর ছোট ভাই আবদুল হাইকে এক লাখ টাকা দিয়েছিলেন তার স্বামী। তবে ওই টাকা লেনদেনের কোনো লিখিত কাগজ ছিল না। স্বামীর মৃত্যুর পর নাজমা ওই টাকা লেনদেনের লিখিত প্রমাণের জন্য কয়েকবার আবদুল হাইয়ের কাছে যান। এতে চুন্নু ও তার ভাই ক্ষুব্ধ ছিলেন।
নাজমা জানান, গত শুক্রবার চুন্নু ও তার ভাই মিলে জিসান ও তাকে তাদের ঘরে ডেকে নেন। সেখানে মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে বাঁশের লাঠি দিয়ে তাদের মারধর করা হয়। তার অভিযোগ, জমি বন্ধকের এক লাখ টাকা দেওয়ার লিখিত প্রমাণ চাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করা হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহবুবুর রহমান বলেন, ‘সকালে বাচ্চাটা আর ওর মা এসে ভর্তি হয়েছে। দুজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। যে জায়গাগুলোতে আঘাত করা হয়েছে, সেখানে কালো দাগ হয়ে গেছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চুন্নু গণমাধ্যমকে বলেন, ‘ওই ছেলে চোর ও এলাকার সব জায়গায় চুরি করে বেড়ায়। সেদিন চুরি করার পর প্রশাসনকে (পুলিশ) বলেছি। তারা বলেছে, দুই-একটা পিডান-পুডান দিয়ে ছেড়ে দিন।’
শিশুটির মাকে কেন মারধর করা হয়েছে তা জানতে চাইলে চুন্নু বলেন, ‘ওরা এলাকার জাত চোর, সবাই জানে। আর আমরাও মানবিক। ওর মা সম্পর্কে আমার ভাগনি হয়। ওর মাকে বলেছি পোলা ঢাকা পাঠাইয়া দিতে।’
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ রকম কোনো বিষয়ে আমাকে জানানো হয়নি। আর এমন অপেশাদার কথা আমরা বলিনি।’
কারণ দর্শানোর নোটিশ
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে হাফিজুর রহমানের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশু ও তার মায়ের ওপর নির্যাতনের অভিযোগ করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও দৃষ্টিগোচর হওয়ার কথা উল্লেখ করে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দিতে বলা হয়েছে।