বিদায়বেলায় প্রিয় ওসির হাতে কেউ তুলে দিলেন বাড়ির গাছের লাউ, কেউ নিয়ে এলেন মৌসুমি ফল। আবার কেউ ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার দিলেন হাঁস-মুরগি ও ডিম। ব্যতিক্রমী এসব উপহারের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেনকে আবেগঘন বিদায় জানিয়েছেন এলাকাবাসী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। একই সঙ্গে নবাগত ওসি জেওএম তৌফিক আজমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় ও পুরোনো স্মৃতি নিয়ে আলাপচারিতায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, দায়িত্ব পালনকালে ওসি আফজাল হোসেন হরিরামপুরের বিভিন্ন এলাকার খোঁজখবর রাখতেন। সকালে হাঁটতে বের হয়ে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন এবং সরেজমিনে এলাকার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করতেন।
চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ৮০ বছর বয়সী চাঁন মেম্বার বলেন, ‘আফজাল ওসি আমগো চরের শান্তি রক্ষায় মেলা ভাল কাজ করছে। আমরা শান্তিতে ছিলাম, মাদক নিয়ন্ত্রণে মেলা কাজ করছ।’
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের দিকে রওনা দেন ওসি মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার বাইরে থাকা স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেউ হাত নেড়ে বিদায় জানান, কেউবা আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি মুছতে থাকেন।
বিদায়ের সময় স্থানীয়দের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি আফজাল হোসেন। তিনি বলেন, ‘চাকরি করলে বদলি হবেই। হরিরামপুরে দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। বিদায়বেলায় হরিরামপুরবাসী যেভাবে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, আমি কখনো ভুলবো না।’
তিনি আরও বলেন, ‘এ রকম বিদায় আমি আমার চাকরিজীবনে কখনো দেখিনি। হরিরামপুরবাসীর এই ভালোবাসা ও সম্মান আমার কাছে অকল্পনীয়। এখানকার মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক ও স্মৃতি সারাজীবন মনে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’