চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও বউয়ের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রতিবেশী মোহাম্মদ রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জমিলা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।
নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে। গ্রেপ্তার জমিলা আক্তার একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুষ্টুমির কারণে নাতনিকে বেত দিয়ে শাসন করেন হোসনে আরা বেগম। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন জমিলা আক্তার। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলে হোসনে আরাকে রক্ষা করতে এবং ঝগড়া থামাতে এগিয়ে যান প্রতিবেশী রাশেদসহ স্থানীয় কয়েকজন।
এ সময় রাশেদের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক গণমাধ্যমকে বলেন, সকালে বউ-শাশুড়ির মধ্যে ঝামেলা হয়। একপর্যায়ে রাশেদের মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।