নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড

নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বদলগাছী থানার এসআই অসিত কুমারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহসভাপতি রাকিবুল হাসানকে গ্রেপ্তার করতে গিয়ে প্রথম দফায় তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন এসআই অসিত। রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সুপার বলেন, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় এসআই অসিত কুমার রাকিবুলকে গ্রেপ্তার করতে যান। কিন্তু সেখানে অবহেলা করে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানতে পেরে ওই রাতেই তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। তবে এসআই অসিত কুমার আবারও ওই দিনের ভোররাতে রাকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এসআই অসিত কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথমবার যখন গ্রেপ্তারের চেষ্টা করেন, তখন রাকিবুল টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, দ্বিতীয় দফায় তিনিই রাকিবুলকে গ্রেপ্তার করেছেন। ছাত্রলীগ হিসেবে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই নেই।