দুর্নীতির মামলা: নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন আবেদপুত্র সিয়াম 

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালতে আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন সিয়াম। 

এ দিন সিয়ামের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। পরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

সিয়ামের আত্মপক্ষ শুনানি শেষে আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেন আদালত। 

গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান কর্মকর্তা।