নড়াইল

সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের হাসপাতালে মৃত্যু, এলাকায় পুলিশ মোতায়েন

নড়াইলের কালিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাসান শেখ উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সোহেল মেম্বার গ্রুপ এবং আবেদ শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বুধবার সকাল ৭টার দিকে কলাবাড়িয়ায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান গুলিবিদ্ধ হাসান শেখ।

নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।