অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে একাধিক চমক

বিশ্বকাপের পর আবার মাঠে নামছে ব্রাজিল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। মাঠে নামার আগে টাউনসভিলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিলের শুরুর একাদশ প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন হুগো সুজা। রক্ষণভাগ সামলাবেন মাথেউসিনিও, মার্কিনিয়োস, ভিতর রেইস ও ডগলাস সান্তোস। মিডফিল্ডে খেলবেন দানিলো ও ব্রুনো গিমারেস। আর প্রতিপক্ষের রক্ষণে ঝড় তুলতে সামনের সারিতে থাকবেন এস্তেভাও, রাফিনিয়া, এনদ্রিক এবং ভিনিসিয়ুস জুনিয়র।

ব্রাজিলের হয়ে নিজের পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন ও তরুণ প্রতিভাদের সুযোগ করে দেওয়ার বড় মঞ্চ হিসেবে এই ম্যাচটিকে দেখছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘সময়টা বেশ দীর্ঘ এবং বেশ কঠিন ছিল; কারণ বিশ্বকাপের পর দল গুছিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় আমরা পাইনি। তবে এখন মনে হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। আমাদের দলে এখন বেশ কিছু নতুন মুখ ও নতুন তরুণ খেলোয়াড় রয়েছে।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

ব্রাজিল দলে ইতিমধ্যে যে ভিত্তি তৈরি হয়েছে, সেটাকে ধরে রেখেই বর্তমান স্কোয়াডকে নিয়ে ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘এমন নয় যে আমরা নতুন কোনো প্রজেক্ট শুরু করেছি। প্রায় এক বছর আগে থেকে আমরা যে কাজ করে আসছিলাম, তারই ধারাবাহিকতা ধরে রেখে আরেকটু উন্নতির চেষ্টা করছি মাত্র। আমাদের দলটা বেশ ভালো এবং বেশ কিছু প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছে।’

আনচেলত্তি আরও বলেন, ‘মাঝেমধ্যে ক্লাবের স্বার্থ আর জাতীয় দলের স্বার্থ এক হয় না। আমাদের কাছে এস্তেভাও এবং অন্যান্য তরুণ খেলোয়াড়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ক্লাবে যদি সে খেলার সুযোগ নাও পায়, তবুও আমি তাকে দলে ডাকব। কারণ ভবিষ্যতের জন্য সে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং উন্নতির সুযোগ দিতে আমরা তাকে কাজে লাগাতে চাই।’