২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবি টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের তৎকালীন অধিনায়ক মিসবাহ-উল-হক। যা ছিল দেশটির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতায় মিসবাহ’র সেই রেকর্ড ভেঙেছেন ২২ বছর বয়সী ব্যাটার মুহাম্মদ শাহজাদ।
ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডের প্রথম দিনে কিংসমেন একাডেমির বিপক্ষে পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হয়ে নেমেছিলেন শাহজাদ। সেঞ্চুরি পূর্ণ করতে খেলেছেন মাত্র ৪৯ বল। যা প্রথম শ্রেণিতে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দ্রুততম শতক।
শেষ পর্যন্ত ৬২ বলে ১১৪ রান করেছেন শাহজাদ। ১২টি চারের সঙ্গে আটটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এ নিয়ে প্রথম শ্রেণির ২১তম ম্যাচের ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি করেছেন এই ব্যাটার।
৩৪ রানে ৩ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে পিটিভ, তখন ক্রিজে আসেন শাহজাদ। এরপর মোহাম্মদ তাহার সঙ্গে গড়েন ১৪৩ রানের জুটি। শাহজাদ সেঞ্চুরি পেলেও তাহা আউট হয়েছেন ৪৩ রান।
এখন পর্যন্ত শাহজাদ ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ২৬টি টি-টোয়েন্টিও খেলেছেন। ২০২৫ মৌসুমে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়েছিল তার। ওই আসরে খেলেন ছয়টি ম্যাচ। তবে ৪ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে কিছুই করতে পারেননি শাহজাদ।