এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাছাড়া অন্তত ৬ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ‘পালকি পরিবহনের’ একটি বাস। বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা নষ্ট হয়ে যায়। এ সময় পেছন থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ৬ জন।

এই দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পালকি পরিবহন এক্সপ্রেসওয়ে পার্কিং করে রাখে। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলেই এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।