খুলনায় আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

খুলনায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন বলেও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। এ সময় বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তিনি অভিযোগ করেন, মিছিলকারীরা তার বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। তবে এই ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি বলে জানান।

খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, ২০/২৫ জনের একটি গ্রুপ হঠাৎ করে মিছিল বের করেছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে ৪/৫টি ছোট ছোট শিশা উদ্ধার করা হয়েছে। সেগুলো ছররা গুলির অংশ হতে পারে। এ ঘটনায় বিএনপি নেতা মামলা করবেন বলে তিনি জানান।