কক্সবাজারের উখিয়ার পালংখালীতে স্থানীয় এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধামনখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের বাসিন্দা ইব্রাহীম (৩০) ও ডি-৩৮ ব্লকের নুর আলম (২৮)। ইব্রাহীমের বাবার নাম সলিম এবং নুর আলমের বাবার নাম দিল মোহাম্মদ।
অপহরণের চেষ্টার শিকার যুবকের নাম জাকির হোসেন (২৯)। তিনি ধামনখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ১০ থেকে ১৫ জনের একটি দল ধামনখালী এলাকায় জাকির হোসেনকে অপহরণের চেষ্টা করে। এ সময় জাকির চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তারা ধাওয়া দিয়ে ইব্রাহীম ও নুর আলমকে আটক করেন। তাঁদের তল্লাশি করে একটি দেশীয় পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়।
পরে স্থানীয় লোকজনের মারধরে দুজন আহত হন। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গণপিটুনিতে তারা আহত হওয়ায় প্রথমে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।