জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, ততদিন তিনি উপাচার্য পদে বহাল থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নবনিযুক্ত উপাচার্য জানান, তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ে তুলতে সব অংশীজনের সঙ্গে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবেন।
তিনি বলেন, গবেষণার জন্য অর্থায়ন বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ণ গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনতে কাজ করব।