আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত আইফোন চুরির অভিযোগে রুহুল আমীন (২২) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। নির্যাতনের সময় তার একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল আমীন পার্শ্ববর্তী আল্লারদর্গার পাশে ভেড়ামারা উপজেলার ঘোপ এলাকার আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর রুহুল আমীন জয়রামপুর বাজারে গেলে সেখানে বসে থাকা এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে ধরে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। উপর্যুপরি আঘাতে তার একটি পা ভেঙে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত রুহুল আমীনকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, ফোন চুরির কোনো ঘটনা ঘটেনি। প্রেমঘটিত কারণে ওই যুবককে নির্যাতন করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, ফোন চুরির অভিযোগ তুলে এক যুবককে নির্যাতনের খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে তিনি মামলা করবেন বলে জানান ওসি। তবে এ ঘটনার পেছনে পূর্বের কোনো ঘটনার যোগসূত্র থাকতে পারে বলেও জানান তিনি।