রাজধানীতে অফিস ভাঙচুর-লুটপাট, জায়গা দখলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার একটি অফিসে ঢুকে হামলা-ভাঙচুর করে জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে এ ঘটনা ঘটে। 

লিখিত অভিযোগে জয়নাল আবেদিন বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত সন্ত্রাসী মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় আমাদের অফিসে অনধিকার প্রবেশ করে অফিসের দরজা, তালা, জানালা ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অফিসের বিভিন্ন কক্ষ-স্টোররুম তল্লাশি করে নগদ ১৫ লাখ টাকা, ৫টি ল্যাপটপ, দুটি এসি, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ অফিসের বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ট্রাকে করে তুলে নিয়ে যায়।’

অভিযোগে তিনি আরও বলেন, ‘কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহায়তায় আমাদের অফিস দখল করার পাঁয়তারা করছে। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূরণ অফিসিয়াল কাগজপত্র ও তথ্য হারানোর আশঙ্কা সৃষ্টি হয়। এ ঘটনার কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি ও মালামাল হারিয়ে প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ও প্রশাসনিক ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানস্থ ‘রোজ ভিলা’ সংলগ্ন জমিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে আলম ওই জমির দখলে ছিলেন। ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০-২০০ জন লোক বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে। তারা ভেতরে প্রবেশ করে অফিসে ভাঙচুর চালায় এবং সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করে।

ওই জমির মালিকানা নিয়ে উভয়পক্ষই নিজ নিজ কাগজপত্র রয়েছে বলে দাবি করছে বলেও জানান তিনি।