অটিজম নি‌য়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত কর‌লেন শামা ওবা‌য়েদ

অটিজম ও প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী ব্যক্তিদের শুধু সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজের সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরে অটিজম বিষয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সহায়তা নিশ্চিত করতে জাতীয় ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রমাণভিত্তিক সমাধান গ্রহণ, দক্ষ জনবল উন্নয়ন এবং উদ্ভাবন ও বিনিয়োগ বাড়ানো জরুরি।’

তিনি আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এ ধরনের উদ্যোগ টেকসই জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে হবে। একই সঙ্গে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগ নিশ্চিত করতে হবে।’