ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত করার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

তিনি জানান, মোহামেডান স্পোর্টিং ক্লাব তার কাছে নিখাঁদ আবেগ ও ভালোবাসার আরেক নাম। সময়ের পরিক্রমায় খেলাধূলার প্রতি মানুষের আগ্রহ অনেকাংশে কমে গেলেও ১৯৬৭ সালে তিনি যখন মোহামেডান ক্লাবে খেলতেন, তখন ফুটবল ঘিরে জনমানুষের যে আবেগ ছিল, তা একেবারেই অন্যরকম।

অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, সে সময় মোহামেডানের হয়ে মাঠে নামা খেলোয়াড়দের জন্য ছিল অত্যন্ত সম্মানের। স্বাধীনতার আগের দিনগুলোতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় দুটি দল। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে বাঙালি খেলোয়াড়দের সংখ্যা বেশি থাকায় এই ক্লাবের প্রতি সাধারণ মানুষের সমর্থন ও আবেগ ছিল অনেক বেশি। 

তিনি আরো উল্লেখ করেন, তখন ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য বাঙালি খেলোয়াড়দের কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হতে হতো পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে।

ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি ও অতীত পতনের কারণ বিশ্লেষণ করে স্পিকার বলেন, ১৯৭১ সালের পর থেকেই রাজনীতি ক্রীড়াঙ্গনে অনুপ্রবেশ করতে শুরু করে, যার প্রত্যক্ষ প্রভাবে ধীরে ধীরে খেলাধুলার মান নিচে নামতে থাকে। রাজনীতির বলয় তৈরির কারণে ঢাকার মাঠগুলোতে ক্লাব ফুটবলের সেই চিরাচরিত উৎসবমুখর অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা কমে আসতে শুরু করে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে খেলাধুলাকে পুনরায় তার নিজস্ব ধারায় ফেরাতে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার বিকল্প নেই বলে তিনি সতর্ক করেন।

স্পিকার জোর দিয়ে বলেন, খেলাধুলার সঠিক চর্চা ও প্রসারের মাধ্যমে দেশের তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাসের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। একই সুর মেলান অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিরাও। তারা বলেন, খেলাধুলাকে কেবল একটি বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফ. এম রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ, সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি; মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও মোহামেডান সমর্থক দলের উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, এমপি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিগত দিনের ঐতিহাসিক সাফল্য এবং স্পিকারের ক্রীড়া জীবনের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্পিকারসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিদের সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় পরিধান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জাতীয় পর্যায়ের প্রখ্যাত ক্রীড়াবিদ, জাতীয় সংসদের সদস্য, ক্লাবের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।