কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডার, ভিডিও ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের পেছনে মিছিলে আলোচিত কিশোর গ্যাং লিডার রতনের ছবি ভাইরাল হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নগরজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনে আলোচিত রতন গ্যাং এর প্রধান মো. রতন তার সহযোগীদের নিয়ে মিছিল করছে।

স্থানীয়রা জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা দলীয় কর্মসূচি বাস্তবায়নে কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করছে। আর এ সুযোগে কিশোর গ্যাং সদস্যরা দলীয় প্রভাবে উৎপাত ও তাণ্ডব চালাচ্ছে। এদিকে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা থাকায় অধিকাংশ কিশোর গ্যাং লিডারদের আইনের আওতায় আনতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনী। 

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিন বলেন, আমি গ্যাং লিডার রতনকে চিনি না। স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলে কীভাবে সে আমার পেছনে দাঁড়িয়েছে তা আমি বলতে পারবো না। ছাত্রদল কখনো কিশোর গ্যাং কালচার সমর্থন করে না। এখন থেকে দলীয় কর্মসূচিগুলোতে গভীরভাবে দৃষ্টি রাখা হবে। 

মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, দলীয় কর্মসূচিতে কিশোর গ্যাংয়ের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।  মহসিনের সঙ্গে কিশোর গ্যাং লিডার রতনের ছবিটি খতিয়ে দেখব। এর সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।