ইংল্যান্ডকে হারিয়ে স্পেন কোচ বললেন, ‘আমরা জেতা থামাবো না’

দারুণ জয়ে উয়েফা নেশনস লিগ শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল স্প্যানিশরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রদ্রি-ইয়ামালরা। এমন জয়ে বেশ উচ্ছ্বসিত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ম্যাচ শেষে এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা ম্যাচের ফলাফল ও পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট। কারণ আমরা পুরো বিশ্বকে দেখিয়েছি যে আমাদের বড় উচ্চাকাঙ্ক্ষা ও জেতার জন্য তীব্র ইচ্ছা রয়েছে। এটা সত্যি যে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল। কিন্তু এটা ইংল্যান্ড।’

এই নিয়ে স্পেন টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকলো। ম্যাচের মোড় ঘুরে যাওয়া প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, ‘বিরতির সময় আমরা নিজেদের মধ্যে কথা বলেছিলাম। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল এবং আমরা তিনটি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম। আমরা প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছি যে এই দল কখনোই হাল ছাড়ে না এবং আমাদের জয় থামানোর কোনো ইচ্ছাই নেই।’

বেঞ্চে থাকা নিজের বিকল্প খেলোয়াড়দের প্রশংসা করে লা ফুয়েন্তে বলেন, ‘এই খেলোয়াড়দের পেয়ে আমি ভাগ্যবান। যেকোনো খেলোয়াড়ই মাঠে নেমে প্রস্তুত থাকতে পারে। আসল বিষয় হলো খেলায় পরিবর্তন আনার চেষ্টা করা। ওদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে।’