লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী বগি রেখে ট্রেনের ইঞ্জিন একাই প্রায় এক কিলোমিটার চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বগিগুলো লেভেল ক্রসিংয়ের ওপর আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিকল্প ইঞ্জিন এসে বগিগুলো সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তুষভাণ্ডার স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুষভাণ্ডার স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনের বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। তবে চালক বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে প্রায় এক কিলোমিটার সামনে চলে যান।
এদিকে লেভেল ক্রসিংয়ের ওপর বগিগুলো আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, ‘লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে থাকায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমের মধ্যে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।’
তুষভাণ্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক (কাপলিং) ত্রুটির কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।
তিনি বলেন, নতুন ইঞ্জিন এসে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে যুক্ত হওয়ার পর ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।