তালা ভেঙে শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

শরীয়তপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে পৌরসভার ধানুকা এলাকায় কার্যালয়টিতে এ চুরি হয় বলে ধারণা করা হচ্ছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে তালা দিয়ে চলে যান। দুই দিন বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যায় জরুরি কাজে অফিসে যান অফিস সহকারী বোরহান হাওলাদার। এ সময় তিনি কার্যালয়ের দরজার তালা ভাঙা দেখতে পান।

পরে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও মালামাল যাচাই করে পাঁচটি তালা ভাঙা এবং একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র তছনছ বা চুরি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ধারণা, বৃহস্পতিবার অফিস বন্ধ হওয়ার পর থেকে শনিবার সন্ধ্যায় কার্যালয় খোলার আগের কোনো একসময় চোরেরা সেখানে ঢুকে এসব মালামাল নিয়ে যায়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাদের অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে জানান, অফিসের তালা ভাঙা। পরে এসে দেখি পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে কোনো নথিপত্র তছনছ করা হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ অভিযোগ দিতে বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’