ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির টহলদলের বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের কাছে অবস্থান নেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৯৮-আর বরাবর একটি গেট দিয়ে তাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

৫৮ বিজিবি (মহেশপুর ব্যাটালিয়ন) জানায়, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক অজ্ঞাতনামা পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে খোশালপুর বিওপির টহলদলের সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের অবৈধ পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।