পাবনায় অবৈধভাবে সার মজুত, জব্দ ৩৮১ বস্তা সার

পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, দুবলিয়া বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া মজুত এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখান থেকে ১৩০ বস্তা সার জব্দ করা হয়।

অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একই বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আবদুল মান্নানের গোডাউন থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।