ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির এটিই সর্বোচ্চ সংখ্যা।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৩ হাজার ৬৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেটিই এতদিন চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি ছিল।