যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে ৫ সন্দেহভাজন গ্রেপ্তার

ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের একটি মার্কিন বিমানঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে গ্লুচেস্টারশায়ারের ওয়েলফোর্ড এলাকায় তিনটি সন্দেহজনক যানবাহনের খবর পেয়ে সশস্ত্র পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ঘটনাটির তদন্তে যুক্ত হয় কাউন্টার টেররিজম পুলিশ।

পুলিশ ওই যানবাহনগুলো ঘিরে ৪০০ মিটারের নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে। পাশাপাশি সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল সেখানে পৌঁছে গাড়িগুলো পরীক্ষা করছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের প্রায় ৮৫টি বাড়ির বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গ্রেপ্তার পাঁচজনই হেফাজতে আছেন।

কাউন্টার টেররিজম পুলিশের সিনিয়র ন্যাশনাল কোঅর্ডিনেটর ভিকি ইভান্স বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনার পরিস্থিতি বুঝতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলের কাছে থাকা ঘাঁটিটি রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি। ব্রিটিশ সরকারের অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এর আগে জুলাইয়ে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত যেকোনো ঘাঁটি তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।

তবে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী এবং তারা কোনো হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ব্রিটিশ পুলিশ।

সূত্র: আল জাজিরা, রয়টার্স