নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের হামলায় জামায়াতের তিন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ছররা গুলিতে আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার আমানউল্যাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জামায়াতের উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৪৮), জামায়াতকর্মী শিহাব উদ্দিন (২০) ও সৌরভ উদ্দিন (১৭)। তাদের মধ্যে সৌরভ ছররা গুলিতে আহত হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। আহত তিনজনকেই বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই আমানউল্যাহপুর ইউনিয়নের জয়নায়নপুর গ্রামের বাসিন্দা।
নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন অভিযোগ করেন, উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ কয়েকজন আইয়ুবপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে আমানউল্যাহপুরের ফলোয়ান বাজারসংলগ্ন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানের বাড়ির কাছে তাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
তিনি বলেন, হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সৌরভ উদ্দিন ছররা গুলিতে আহত হন। এছাড়া লাঠির আঘাতে আনোয়ার হোসেন ও শিহাব উদ্দিন আহত হন।
এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলায় জড়িত অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মাওলানা বোরহান উদ্দিন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুপুরে আমানউল্যাহপুরে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনের সেতুর ওপর ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত চলছে। তিনজন আহতের কথা জেনেছি। কিন্তু গুলিতে আহত হওয়ার ব্যাপারে আমার জানা নেই।’
ওসি আরও বলেন, এখনো পর্যন্ত আহতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।