১৫ দিন ধরে নিখোঁজ ১২ বছরের আনাস, উৎকণ্ঠায় বাবা-মা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনাস আহমেদ জিসান (১২) নামে এক শিশু গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা।

নিখোঁজ আনাস রূপগঞ্জ থানার বরপা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। এরপর স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাড়ি থেকে বের হওয়ার সময় শিশুটির পরনে ছিল লাল রঙের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে হন্যে হয়ে খোঁজাখুঁজি করেছেন।

কিন্তু কোথাও তার কোনো হদিস মেলেনি। আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

এই কঠিন ও অসহায় পরিস্থিতিতে শিশুটির বাবা আমির হোসেন তার সন্তানের সন্ধানে স্থানীয় প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি শিশু আনাসের সন্ধান পেয়ে থাকেন বা এ বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে জরুরি ভিত্তিতে তার বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৮৪৬৯১৭২১৬) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।