সন্ত্রাস, চাঁদাবাজ ও বৈষম্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বিস্ফোরিত হতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, মানুষ চরম অতিষ্ঠ হয়েই স্বৈরশাসকের গুলির মুখে রাজপথে লড়াই করেছে এবং বহু ত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, কিন্তু এর পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের বিশ্বকবি ভবনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ‘সীরাত কনফারেন্স ও কোয়েস্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, অতীতে ছাত্রসমাজ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকলেও বর্তমানে বিভিন্ন স্থানে রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্র ও কন্টেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন দর্শন, নৈতিকতা ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থী সমাজের আদর্শিক ও নৈতিক সংকটের একমাত্র সমাধান রাসূলে আরাবী (সা.)-এর সীরাতের মধ্যে নিহিত রয়েছে। শিক্ষার্থীদের জীবন গঠনে নবীজির আদর্শই একমাত্র উত্তম উদাহরণ এবং সীরাত কেবল কোনো ইতিহাস নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ ইউনুছ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাদরুদ্দীন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মুনতাছির আহমাদ এবং মুখ্য আলোচক হিসেবে মুফতী শামছুদ্দোহা আশরাফী বক্তব্য রাখেন। আলোচনা শেষে সীরাত কোয়েস্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।