সম্পত্তি ও পারিবারিক বিরোধের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে হত্যার পর আশুলিয়ায় সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে ওপরে সবজির চারা লাগিয়ে লাশ গুম করা হয়েছিল। হত্যাকাণ্ডের দুই বছর পর আদালতে পুলিশের দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) এমন রোমহর্ষক ও লোমহর্ষক বিবরণ উঠে এসেছে।
রেহানা ২০২৪ সালের ৬ জুন ১৩ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসেন। প্রায় তিন সপ্তাহ পর, ২৯ জুন দেশে ফেরেন তার স্বামী আওলাদ হোসাইন। ৩ জুলাই রেহানার সঙ্গে তার মায়ের শেষবার ফোনে কথা হয়। এরপর থেকে রেহানার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
মেয়ে নিখোঁজ হওয়ার পর তার মা আইরিন আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৮ সেপ্টেম্বর অপহরণের অভিযোগে আওলাদ হোসাইন, তার দুই বোন পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম এবং আত্মীয় আমজাদ হোসাইনের বিরুদ্ধে মামলা করেন তিনি। তবে ওই মামলা দায়েরের আগেই আওলাদ অস্ট্রেলিয়ায় ফিরে যান।
১২ সেপ্টেম্বর আশুলিয়ায় পাপিয়া আক্তারের বাড়ির সামনে মাটি খুঁড়ে রেহানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর অপহরণের মামলাটি হত্যা ও মরদেহ গুমের মামলায় রূপ নেয়।
তদন্ত শেষে চলতি বছরের ৩১ আগস্ট নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তানভীর হাসান খান পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে আওলাদ, পাপিয়া, মাকসুদা, আওলাদের চাচাতো ভাই কবীর হোসাইন এবং চাচা আমজাদ হোসাইনকে আসামি করা হয়েছে।
২১ সেপ্টেম্বর মামলার নির্ধারিত তারিখে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ অভিযোগপত্রটি পর্যালোচনা করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুহুল আমিন জানান, অভিযোগপত্র নিয়ে পরবর্তী পর্যালোচনার জন্য ১৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
তদন্ত কর্মকর্তা তানভীর হাসান খান জানান, রেহানার নামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া—দুই দেশেই সম্পত্তি ছিল। এসব সম্পত্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের পাশাপাশি পারিবারিক নানা বিষয় নিয়েও তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল।
তার ভাষ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় একই বাড়িতে বসবাস করলেও রেহানা ও আওলাদ আলাদা থাকতেন। বাংলাদেশে আসার পরও কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর পরপরই রেহানাকে হত্যার ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।
রেহানা নিখোঁজ হওয়ার পর তার পরিবারের করা জিডির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
ঘটনার পর আওলাদ অস্ট্রেলিয়ায় চলে যাওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে মামলার বিষয়ে বিভিন্ন তথ্য ও প্রতিবেদন চাওয়া হয়েছিল। বাংলাদেশ পুলিশ সেগুলো সরবরাহ করেছে। আওলাদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি প্রক্রিয়া চালানোর কথা জানান তিনি।
এদিকে রেহানা হত্যার তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে বাংলাদেশে অর্থ পাঠানোর অভিযোগে সম্প্রতি অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হয়েছেন ৫১ বছর বয়সী আওলাদ। বর্তমানে তিনি ব্রিসবেন পুলিশের হেফাজতে রয়েছেন।
রেহানার মৃত্যুর ঘটনা নিয়ে বাংলাদেশ পুলিশের তদন্তের পাশাপাশি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশও আলাদাভাবে তদন্ত করছে।
পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ জুলাই সন্ধ্যার পর রেহানাকে আওলাদের বোন পাপিয়া আক্তারের আশুলিয়ার নয়ারহাট চৌরাপাড়ার বাড়িতে নেওয়া হয়। সেখানে আগে থেকেই ছিলেন আমজাদ হোসাইন ও কবীর হোসাইন।
অভিযোগপত্রে বলা হয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী আওলাদ সেখানে রেহানার সঙ্গে বিবাদে জড়ান। একপর্যায়ে রেহানা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে পাপিয়া তাকে ধাক্কা দেন। এতে তিনি মেঝেতে পড়ে যান।
এরপর আমজাদ রেহানার দুই পা এবং কবীর তার দুই হাত ধরে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আওলাদ তার ওপর বসে মুখে বালিশ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে রেহানার মৃত্যু হয় বলে পুলিশের অভিযোগ।
মৃত্যুর পর একই রাতেই আওলাদ, আমজাদ, পাপিয়া ও কবীর মিলে বাড়ির সামনের সেপটিক ট্যাংকের পাশে মাটি খুঁড়ে মরদেহটি পুঁতে দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পরে ওই জায়গাটি আড়াল করতে সেখানে বিভিন্ন সবজির চারা লাগানো হয়।
এজাহারে রেহানার মা আইরিন আক্তার উল্লেখ করেন, প্রায় দুই দশক আগে আওলাদ হোসাইনের সঙ্গে রেহানার বিয়ে হয়। তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। সন্তানরা অস্ট্রেলিয়ার নাগরিক।
আইরিনের অভিযোগ, বাংলাদেশে রেহানা নিজের নামে কিছু সম্পত্তি কেনার পর থেকেই আওলাদ এতে আপত্তি জানিয়ে আসছিলেন। সম্পত্তির বিষয়টি নিয়ে তাদের মধ্যে নিয়মিত বিরোধ হতো।
৩ জুলাই রেহানা ফোন করে মাকে জানিয়েছিলেন, আওলাদ, আমজাদ, পাপিয়া ও মাকসুদা তাকে মারধর করেছেন এবং আওলাদ তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছেন। এরপর থেকে রেহানার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে এজাহারে উল্লেখ করেন আইরিন।
পরে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আইরিন জানতে পারেন, নির্ধারিত সময়েও রেহানা অস্ট্রেলিয়ায় ফেরেননি। এর বিপরীতে আওলাদ অস্ট্রেলিয়ায় ফিরে যান।
পরিবারের পক্ষ থেকে পাপিয়া ও মাকসুদার সঙ্গে যোগাযোগ করা হলে তারা রেহানার মেয়েটি তাদের কাছে রয়েছে বলে জানান। তবে রেহানার অবস্থান সম্পর্কে তারা পরিষ্কার কোনো তথ্য দেননি বলে এজাহারে উল্লেখ করা হয়।
এরপর মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেন আইরিন। রেহানার মরদেহ উদ্ধারের পর সেই মামলায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগ যুক্ত করা হয়।
মামলার বর্তমান অবস্থায় পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম জামিনে আছেন। আমজাদ হোসাইন ও কবীর হোসাইন কারাগারে রয়েছেন। আর আওলাদকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।