বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এরই মাঝে বড় ভুল করে বসেন নরওয়ের গোলরক্ষক ওরজান নাইলান্ড। সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করে বসেন গনসালো রামোস। এতেই নরওয়েকে ২-১ গোলে হারিয়ে হারিয়ে উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পর্তুগাল।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নরওয়ের উলেভাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। এই ম্যাচে পুরোটা সময় বেঞ্চে কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
১৭ মিনিটে অবশ্য প্রথম সাফল্য পায় পর্তুগাল। পেদ্রো নেতোর কাটব্যাক পেয়ে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে নাইলান্ডকে পরাস্ত করেন জোয়াও ফেলিক্স। এগিয়ে যাওয়ার পরও আক্রমণ থামায়নি পর্তুগাল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করে নরওয়েকে সমতায় ফেরান আর্লিং হালান্ড। মার্টিন ওদেগার্দের ফ্রি-কিক পর্তুগালের গোলরক্ষক কস্তা ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে না পারলে প্যাট্রিক বার্গ রিবাউন্ড বল হেড করে বাড়িয়ে দেন হালান্ডের দিকে। ছয় গজ বক্সের কাছ থেকে সুযোগটি কাজে লাগিয়ে নরওয়েকে ১–১ সমতায় ফেরান তিনি।
কিন্তু সমতা ফেরানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। মাত্র তিন মিনিট পরই নাইলান্ডের ভুলে আবার পিছিয়ে পড়ে নরওয়ে। গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে যান রামোস। সামনে এগিয়ে থাকা নাইলান্ডকে টপকে চিপ শটে বল জালে পাঠিয়ে দেন তিনি। এতেই ২-১ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে পর্তুগাল।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে উয়েফা নেশনস লিগের শীর্ষে এখন পর্তুগাল। সমান ম্যাচ খেলে নরওয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ডেনমার্ক ২-০ গোলে ওয়েলসকে হারিয়ে সমান পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে।