প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ খেলছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টের অভিষেকটা সুখকর হয়নি। নিজেদের প্রথম ম্যাচেই হতাশার ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে হেরেছে ৩-০ ব্যবধানে। পুরো ম্যাচে নিষ্প্রাণ ফুটবল খেলেছে হামজা চৌধুরী, তপু, সোহেল রানা, সামিত সোমরা। ম্যাচের শেষদিকে হামজা চৌধুরীর একটি আক্রমণ ছাড়া বলার মতো তেমন কিছুই ছিল না বাংলাদেশের। উলটো নিজেদের ভুলে হজম করেছে গোল।
'ক' গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। বাংলাদেশ সময় দুপুর ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আসিয়ান কাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে শক্তিমত্তা ও ফিফা র্যাংকিং-দুই জায়গাতেই বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, সিঙ্গাপুরের ১৪৬তম।
এখন পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এর মধ্যে সিঙ্গাপুরের জয় দুটি, বাংলাদেশের জয় একটি। সবশেষ এশিয়ান কাপে মুখোমুখি হয়েছিল দুই দল। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল হামজা-জামাল-সামিতরা। এরপর ফিরতি লেগে সিঙ্গাপুরের মাটিতে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেটিই দুই দলের সবশেষ লড়াই।
আজ সেই হারের মধুর প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। সেটাই গতকাল জানিয়েছেন, সামিত সোম মালয়েশিয়ার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ টমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সেরা ফুটবল খেলতে চান তিনি। ডুলি বলেন, 'আমরা যে ফুটবল খেলতে চাই, মালয়েশিয়ার বিপক্ষে সেটা খেলতে পারিনি। এ কারণে আমরা বেশ রাগান্বিত ছিলাম।'
র্যাংকিংয়ে সিঙ্গাপুর এগিয়ে থাকলেও প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ভুলি। জয়ই তার লক্ষ্য। তিনি বলেন, 'আমরা ম্যাচটি জিততে চাই। সিংগাপুর আমাদের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে আছে-এটা নিয়ে আমরা একেবারেই ভাবছি না।' দেশ ছাড়ার আগে ভুলি জানিয়েছিলেন, একজন আদর্শ 'নাইন'-এর অভাবে ভুগছে বাংলাদেশ। গতকালও সেই আভাস দিয়েছেন তিনি। তার পরিকল্পনায় আক্রমণাত্মক ফুটবলই বেশি গুরুত্ব পাচ্ছে।
ডুলি বলেন, 'বাংলাদেশের ফুটবল নিয়ে আমাদের যে পরিকল্পনা, তার সঙ্গে অ্যাটাকিং স্টাইলের ফুটবল বেশি মানানসই।' সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের মিডফিল্ডার সামিত সোমও। মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, 'আমরা জানি, শেষ ম্যাচে ভালো খেলিনি। আমরা ফুটবলার, আমরা জিততে চাই, ভালো করতে চাই। এটাই আমাদের মোটিভেশন।'
গত এক বছরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। সেই দুই হারের কথা মনে করিয়ে দিয়ে সামিত বলেন, 'গত এক বছরে সিংগাপুরের সঙ্গে আমরা দুটি ম্যাচ খেলেছি। দুই বারই হেরেছি। ইচ্ছে আছে, কীভাবে এখানে প্রতিশোধ নেওয়া যায়।'
প্রথম ম্যাচে হারের পর শেখ মোরসালিনও জানিয়েছিলেন, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয়ের কথা। সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে মোরসালিন বলেছিলেন, 'আমরা এখন পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। কীভাবে জিতব, সেই পরিকল্পনা করছি। আমরা এখানে জিততে এসেছি। সবার মনে করা উচিত, আমরা এই টুর্নামেন্ট জিততে এসেছি। তাই পরের ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।'
যদিও সিঙ্গাপুরও হার দিয়ে আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছে সিঙ্গাপুর। আজ বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।